পাঁচলাইশে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ, উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২১:৩৭

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় পার্কিং ব্যবস্থাপনায় অনিয়ম ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ টাকা এবং উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। একই এলাকার ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকেও বিভিন্ন বিষয়ে সতর্ক করেছে সিডিএ।

সিডিএ সূত্রে জানা গেছে, এর আগে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হয়। ওই সময় আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল ও উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করে প্রয়োজনীয় সংশোধনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালত এ জরিমানা করেন। এর মধ্যে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে উৎসব সুপার মার্কেটকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।

অভিযান চলাকালে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে নগরের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্কিং ব্যবস্থাপনা এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রম চালানো হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো প্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট কমানো এবং নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখা।

সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিম জানান, নগরের যানজট কমানো ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।