back to top

সকল নাগরিক সেবা অনলাইন প্ল্যাটফর্মে আনা হবে

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:২৮

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সকল নাগরিক সেবা অনলাইন প্ল্যাটফর্মে আনা হবে।

এর ফলে সাধারণ মানুষ ঘরে বসেই সরকারি সেবা সহজে ও দ্রুত সময়ে গ্রহণ করতে পারবেন।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি ডিভিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ডাক বিভাগ আধুনিকায়নের মাধ্যমে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন পোস্টাল ট্র্যাকিং ও কুরিয়ার সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

জনগণ এখন ঘরে বসেই এসব সেবা নিতে পারছেন, যা জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিটিসিএলের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ল্যান্ডলাইন ফোন সেবায় নতুন প্রযুক্তি যুক্ত করায় সরকারি-বেসরকারি খাতে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত হয়েছে।

এদিকে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণ ও সাশ্রয়ী ডেটা প্যাকেজ চালুর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। শিক্ষার্থী ও সাধারণ গ্রাহকদের জন্যও বিশেষ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, স্টার্টআপ, আইটি ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এসব উদ্যোগ দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি বিভাগের সমন্বিত কার্যক্রম দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।