চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে দুইটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামের আছদ আলী তালুকদার পাড়ায় আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ সময় সশস্ত্র ডাকাতদল দুটি স্বর্ণের আংটি, পাঁচ জোড়া স্বর্ণের দুল এবং নির্মাণাধীন ঘরের কাজের জন্য রাখা নগদ অর্থ লুটে নেয়।
আবুল কাসেমের জামাতা মো. মুন্না জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ১২-১৩ জনের একটি দল হাইস গাড়িতে করে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়।
তল্লাশির কথা বলে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
একইভাবে পার্শ্ববর্তী কামরুল ইসলামের ঘরে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয় ডাকাতদল।
ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।



