চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর সদরের বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্লাহ (১৮) হত্যার ঘটনায় জড়িত ছাত্রদলকর্মী মো. জাহিদুল ইসলাম ওরফে চাকমা জাহিদ (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার অধীন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) বারইয়ারহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে তাহমিদ খান নিহত হন।
পরে এ ঘটনায় বাদী হয়ে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের মা। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জাহিদ জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং তিনি অন্যান্য আসামিদের নাম বলেছেন।
তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বারইয়ারহাট পৌরসভার জামালপুর রবিউল হক সওদাগর বাড়ির সামনের পানির ড্রেন থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার ও জব্দ করা হয়।



