চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতঘরে আগুন লাগানোর ঘটনায় দায়েরকৃত মামলায় কদলপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম চৌধুরী (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল করিম চৌধুরী কদলপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১১ মাস তিনি কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাউজান সদর ইউনিয়নের বড়ুয়া পাড়া এবং ১৯ ডিসেম্বর রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়ায় রাতের আঁধারে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে দরজা বাইরে থেকে বন্ধ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীরা প্রাণনাশের আশঙ্কার মুখে পড়েন।
এ ঘটনায় বড়ুয়া পাড়ার বাসিন্দা সাধন বড়ুয়া এবং ঢেউয়াপাড়ার বাসিন্দা মিমল তালুকদার পৃথক দুটি মামলা দায়ের করেন।
এর মধ্যে সাধন বড়ুয়ার দায়ের করা মামলার প্রেক্ষিতে আব্দুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি সাজেদুল ইসলাম পলাশ।
পুলিশের প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও তাদের সহযোগীদের একটি অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



