চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় প্রায় এক যুগ আগে ছিনতাইকারীদের হাতে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) খুনের ঘটনায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।
রায়ে ১০ আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার আড়াই লাখ টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদেশ দিয়েছে আদালত।
দণ্ডিত আসামিরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।
এ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ বলেন, আসামিদের মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
২০১৩ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগার পাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর কাছে ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আবদুল কাইয়ুম ২০১২ সালের ৬ অক্টোবর কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।
ছিনতাইয়ের ঘটনা দেখতে পেয়ে বাধা দিতে গেলে সেদিন ছিনতাইকারী দল পুলিশের দলের উপর হামলা চালায়। ওই ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন।
ওই ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করেছিল পুলিশ। তদন্ত শেষে ১০ জনের বিচার শুরু হয়। মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণে শেষে সোমবার রায় দিল আদালত।



