চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), একই এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।
তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই নগরীর বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-৭।
অভিযানে মো. আলম, মোশারফ আলী ও সেনোয়ারা বেগমকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ২ হাজার ৭৫০ গ্রাম (পৌনে তিন কেজি) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের মধ্যে মো. আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফ আলীর কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারা বেগমের কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এই চূড়ান্ত রায় প্রদান করলেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


