চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার ভবনের বাইরের দেয়ালে পেট্রোলজাতীয় পদার্থভর্তি জ্বলন্ত বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
২৫ নভেম্বর বুধবার ফজরের আগে শাখাটির প্রধান ফটকের সামনে থেকে ওই বোতল ছোড়া হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন শাখা ব্যবস্থাপক।
ঘটনার পরপরই আগুন নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওটি প্রকাশ করে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু সামাজিক মাধ্যমে একটি উসকানিমূলক ও কটাক্ষপূর্ণ মন্তব্য করেন।
পরবর্তীতে স্থানীয় নিষিদ্ধ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী ভিডিওটি শেয়ার করেন এবং তাদের কারও কারও পোস্টে এ ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
ঘটনা প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের জোয়ারা শাখার ব্যবস্থাপক মুক্তার আহমেদ জানান, ঘটনার সময় তিনি সহকর্মীদের নিয়ে ডরমিটরিতে অবস্থান করছিলেন।
হঠাৎ একটি শব্দ পেয়ে বাইরে বের হলেও তখন সেখানে আগুনের কোনো অস্তিত্ব বা সন্দেহভাজন কাউকে দেখতে পাননি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে তিনি ঘটনার বিষয়ে অবগত হন।
শাখা ব্যবস্থাপক আরও বলেন, গ্রামীণ ব্যাংক দেশের সাধারণ মানুষের প্রতিষ্ঠান। এটি কারও শত্রু নয়। আমরা কাউকে সন্দেহ করছি না। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আমরা নিরাপত্তাহীনতায়ও ভুগছি না।
মুক্তার আহমেদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর জোনাল ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করেন।
শাখার সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মুক্তার আহমেদ জানান, ওই শাখায় মোট নয়জন কর্মকর্তা-কর্মচারী থাকেন এবং একজন নাইটগার্ড কর্মরত আছেন। ঘটনার সময় পিয়নসহ দুজন নিচতলায় দায়িত্বরত ছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকের বিভিন্ন শাখায় নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে গ্লাসের পরিবর্তে টিনশিট ব্যবহার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে জোনাল ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না এবং তাকে কেউ বিষয়টি জানাননি। তবে ভিডিওটি দেখার পর তিনি সার্বিক বিষয় পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


