বন্দরনগরীর সর্ববৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অর্থোপেডিকস অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন স্বনামধন্য অর্থোপেডিক, স্পোর্টস ইনজুরি ও ট্রমা সার্জন ডা. মোহাম্মদ আবদুল হাই।
অর্থোপেডিক সার্জারিতে দীর্ঘদিনের বর্ণাঢ্য অভিজ্ঞতার পাশাপাশি আর্থ্রোস্কপি, স্পোর্টস ইনজুরি ব্যবস্থাপনা এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে তার বিশেষ দক্ষতা রয়েছে।
ডা. মোহাম্মদ আবদুল হাই এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করার পর ২০১২ সালে অর্থোপেডিক সার্জারিতে এমএস (MS) ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি স্পোর্টস সার্জারি, আর্থ্রোস্কপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির ওপর উচ্চতর বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন।
চিকিৎসাশাস্ত্রে অনন্য দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২১ সালে মর্যাদাপূর্ণ আমেরিকান কলেজ অব সার্জনসের ফেলোশিপ (এফএসিএস) অর্জন করেন।
২০১২ সালে চট্টগ্রামে অর্থোপেডিক সার্জন হিসেবে তার পেশাগত কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ শেষে ২০১৬ সাল থেকে তিনি নিয়মিতভাবে আর্থ্রোস্কপিক সার্জারি পরিচালনা করে আসছেন।
তার মূল চিকিৎসাসেবার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে: আর্থ্রোস্কপিক সার্জারি ও লিগামেন্ট পুনর্গঠন, টোটাল হিপ ও নি (হাঁটু) রিপ্লেসমেন্ট সার্জারি, কাঁধের বারবার স্থানচ্যুতি (শোল্ডার ডিসলোকেশন) ও খেলাধুলাজনিত আঘাত ও হাঁটুর জটিল ইনজুরি এবং মেনিস্কাসের সমস্যা।
আধুনিক শল্যচিকিৎসায় নিজের দক্ষতাকে আরও শাণিত করতে ডা. আবদুল হাই ভারত ও থাইল্যান্ডে একাধিক আন্তর্জাতিক ও বিশেষায়িত প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো-‘অ্যাডভান্সড শোল্ডার ক্যাডাভেরিক আর্থ্রোস্কপিক ওয়ার্কশপ’, ‘সিকট কমপ্রিহেনসিভ শোল্ডার কোর্স’ এবং ‘কনমেড এশিয়া আর্থ্রোস্কপি ক্যাডাভার ওয়ার্কশপ’।
ডা. মোহাম্মদ আবদুল হাইয়ের যোগদানের ফলে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অর্থোপেডিকস ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের সেবার মান আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
তার দীর্ঘ অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা-দক্ষতা হাড়, জয়েন্ট, স্পোর্টস ইনজুরি এবং জটিল অর্থোপেডিক সমস্যায় আক্রান্ত রোগীদের বিশ্বমানের ও প্রয়োজনভিত্তিক চিকিৎসা নিশ্চিত করবে।
এর মাধ্যমে রোগীদের দ্রুত স্বাভাবিক চলাফেরা ও কর্মক্ষম জীবনে ফিরে আসার পথ আরও সুগম হবে বলে প্রত্যাশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


