যুবদল নেতাকে রক্তাক্ত জখমের মামলায় প্রধান আসামি আমজাদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৩:২৮

চট্টগ্রামের পটিয়ায় আরেক যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আমজাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালতে আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো মো. আমজাদ হোসেন (যুবদল নেতা) পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী গ্রামের মো. মহসিনের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক ইউপি সদস্য ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজন বাদী হয়ে গত ৪ নভেম্বর পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন (মামলা নম্বর: ০৪/৩৫৩)।

ওই মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ অক্টোবর রাতে পটিয়ার বাদামতল এলাকা এবং পরবর্তীতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দফায় মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বাদী আবু বক্কর সুজন রক্তাক্ত জখম হন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

মামলার বাদী আবু বক্কর সুজনের অভিযোগ, অভিযুক্ত আমজাদ হোসেন পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

এক চোরকে শাসন করার জের ধরেই আমজাদ ও তার সহযোগীরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালান।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি