রাত যত গভীর হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে কাঠ ও ফার্নিচারবাহী যানবাহনের চালকদের উদ্বেগ ততই বাড়তে থাকে। বৈধ কাগজপত্র ও সরকারি অনুমোদন সঙ্গে থাকলেও এই সড়ক নির্বিঘ্নে পাড়ি দেওয়ার নিশ্চয়তা নেই।
অভিযোগ উঠেছে, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ সেখানে গড়ে তুলেছেন এক ‘অঘোষিত টোল’ সাম্রাজ্য। দাবিকৃত অর্থ না দিলেই জোটে বন আইনে মামলার হুমকি, আর অর্থের বিনিময়ে মিলে যায় নির্বিঘ্নে পারাপারের সবুজ সংকেত।
শুধু মহাসড়কে চাঁদাবাজিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে ঘুষের বিনিময়ে পদায়ন বাগিয়ে নেওয়া, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘সুফল’ প্রকল্প এবং মহামায়া ইকোপার্কের উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাতের মতো গুরুতর সব অভিযোগ।
বৈধ কাগজেও রেহাই নেই, রফাদফা ৮০ হাজারে
ঘটনাটি গত ১২ নভেম্বরের। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বৈধ কাগজপত্রসহ একটি ফার্নিচারবাহী ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। ট্রাকটির মালিক ব্যবসায়ী মো. হাশেম। মিরসরাই এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করেন রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ।
মো. হাশেমের অভিযোগ, সব বৈধ নথিপত্র দেখানোর পরও সেগুলো আমলে নেওয়া হয়নি। উল্টো বন আইনে মামলা দিয়ে গাড়ি জব্দ করার ভয় দেখিয়ে তাঁর কাছে প্রথমে দুই লাখ টাকা দাবি করা হয়। দীর্ঘ দর-কষাকষির পর রফাদফা হয় ৮০ হাজার টাকায়।
ভুক্তভোগী ব্যবসায়ী হাশেম সাংবাদিকদের বলেন, মামলা ও হয়রানির ভয়ে আমি বাধ্য হয়ে বিকাশ, নগদ ও সরাসরি নগদ মিলিয়ে মোট ৮০ হাজার টাকা দিয়ে ট্রাকটি ছাড়িয়ে নিই। মিরসরাই সড়ক দিয়ে কাঠ ও ফার্নিচারবাহী গাড়ি চালাতে গেলে আমাদের প্রায়ই এমন জিম্মিদশায় পড়তে হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরিবহন ব্যবসায়ী জানান, মিরসরাই রেঞ্জ এলাকা অতিক্রম করতে হলে বন কর্মকর্তাদের সঙ্গে একটি ‘অঘোষিত সমঝোতায়’ আসতে হয়।
নির্ধারিত অঙ্কের টাকা পরিশোধ করলে অবৈধ কাঠবাহী গাড়িও নির্বিঘ্নে পার হয়ে যায়। আর টাকা দিতে অস্বীকৃতি জানালেই বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়ি আটক ও মামলার ভয় দেখানো হয়।
ঘুষে পদায়ন ও পুরোনো বিতর্ক
বন বিভাগের অভ্যন্তরীণ একাধিক সূত্রের তথ্যমতে, শাহানশাহ নওশাদের এই বেপরোয়া কর্মকাণ্ডের শিকড় আরও গভীরে। ২০২০ সালে সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে বদলি হয়ে তিনি চট্টগ্রাম সার্কেলে যোগ দেন। এরপর পদায়ন পান চট্টগ্রাম উত্তর বন বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফৌজদারহাট স্টেশনে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ফৌজদারহাট স্টেশনের দায়িত্ব পেতে প্রায় ৩০ লাখ টাকা এবং পরবর্তীতে সেখানে দায়িত্বের মেয়াদ এক বছর বাড়াতে আরও ২৫ লাখ টাকা লেনদেন হয়েছিল।
ফৌজদারহাটে থাকাকালীন সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা ও কাঠ পাচারকারী একটি চক্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই বিতর্কিত অধ্যায় পেরিয়ে তিনি বাগিয়ে নেন মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তার পদ। একই সঙ্গে পান মহামায়া ইকোপার্কের পার্ক ইনচার্জের দায়িত্ব।
কাগজে সবুজ বাগান, ইকোপার্কে নয়ছয়
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘সুফল’ প্রকল্প এবং মহামায়া ইকোপার্কের উন্নয়নকাজ ঘিরেও উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। বনায়ন, বাগান সৃজন, সড়ক নির্মাণ, অবকাঠামো সংস্কার, গভীর নলকূপ স্থাপন, পিকনিক শেড, প্রধান ফটক ও পার্ক অফিস নির্মাণের নামে বিপুল অর্থ বরাদ্দ হলেও বাস্তবের চিত্র ভিন্ন।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নথিপত্রে বাগান সৃজন ও পরিচর্যার কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে অনেক জায়গায় পর্যাপ্ত গাছের চারা নেই। কোনো কোনো বাগানে লক্ষ্যমাত্রার ১০ শতাংশ চারাও অবশিষ্ট নেই।
বাগান সৃজন ও পরিচর্যার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ উত্তোলনের পাশাপাশি শ্রমিকদের মজুরি প্রদানের নামে দাখিল করা মাস্টার রোলে অস্তিত্বহীন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।
এ ছাড়া চট্টগ্রাম ওয়ার্কিং প্ল্যান বিভাগের এক কর্মকর্তার সহযোগিতায় ব্যর্থ ও চারাশূন্য বাগানগুলোকে কাগজে-কলমে ‘সফল’ দেখিয়ে প্রতিবেদন তৈরি করার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ইকোপার্কের পার্ক অফিসের সামনের অংশ ও গাড়ি পার্কিং এলাকায় বালি ভরাটের কাজে যথাযথ কার্যক্রম ছাড়াই বড় অঙ্কের বিল উত্তোলন এবং পার্কিংয়ের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।
পাশাপাশি ইকোপার্কের লেক এলাকায় পর্যটকদের রাত্রিযাপনের জন্য তাঁবু স্থাপনের ব্যবস্থা থেকে অর্থ আদায় করা হলেও সেই অর্থের যথাযথ হিসাব সরকারি কোষাগারে জমা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গে সখ্য বজায় রেখে দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে এসব অনিয়ম চালিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা।
উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদের দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে অভিযোগের বিষয়ে কয়েকটি প্রশ্ন রেখে বার্তা পাঠালেও এ রিপোর্ট প্রকাশের আগ পর্যন্ত তিনি কোন মন্তব্য করেননি। তিনি বক্তব্য দিলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এদিকে এ বিষয়ে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এম. এ. হাসান গণমাধ্যমকে বলেন, এ ধরনের অনিয়ম বা চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য কিংবা লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


