চট্টগ্রামের পটিয়ায় আরিফ তালুকদার (২৫) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (২১ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আরিফ তালুকদার পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জিরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার মনির চেয়ারম্যানের বাড়ির জহুরুল হকের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল আরিফের বিরুদ্ধে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মালিয়ারা বাজার এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পটিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখান থেকে তাকে গ্রেফতার করে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও অপরাধের সঙ্গেও আরিফ তালুকদারের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎস যশ চাকমা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আরিফকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


