ক্ষমতার অপব্যবহারে সম্পদের পাহাড়: সাবেক এমপি মোস্তাফিজ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

ছয় ব্যাংক হিসাবে সোয়া তিন কোটির রহস্যজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৩৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সচিব জানান, মামলার দীর্ঘ তদন্তে মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অকাট্য প্রমাণ মিলেছে।

এছাড়া, অভিযুক্তদের ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮ টাকা ৯৩ পয়সার সন্দেহজনক লেনদেনের তথ্য উদঘাটিত হয়েছে। অবৈধভাবে অর্জিত এই বিপুল পরিমাণ অর্থ গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করার মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংঘটনের প্রমাণ পেয়েছে তদন্ত দল।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৬ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের বাদী হয়ে এই দম্পতির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

মামলার প্রাথমিক এজাহারে স্বামীর প্রত্যক্ষ সহায়তায় শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ছয়টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছিল।

তবে তদন্ত শেষে এজাহারের তুলনায় অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ফয়সাল কাদেরের দাখিল করা তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কমিশন এই চার্জশিট অনুমোদন ও দাখিল করে।

অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি