থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে মঞ্চস্থ হলো ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৩:৩২

থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের মূল মিলনায়তনে গতকাল ১৭ জানুয়ারি (শনিবার) মঞ্চস্থ হয়েছে বয়ান শিল্পাঙ্গনের দ্বিতীয় প্রযোজনা ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ নাটকের দ্বিতীয় ও তৃতীয় মঞ্চায়ন।

বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রয়াত নাট্যকার মমতাজউদদীন আহমদ রচিত নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন সায়েম উদ্দীন। নাটকটির রূপসজ্জায় ছিলেন শাহীন চৌধুরী ও বীণা দাশ গুপ্ত।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জান্নাতুল কবিতা, রামিসা, অবন্তি, রাইসা, পার্থ সারথি দে, সাজু বড়ুয়া, মনিরুল মান্নান, মুক্তা সাহা, রেশমি, রিক্তা বড়ুয়া, সুব্রত পাল, রানা দে, জহিরুল ইসলাম, দিগন্ত রায়, সৌরভ এবং সায়েম উদ্দীন।

পোশাক পরিকল্পনায় ছিলেন জান্নাতুল কবিতা ও মুক্তা সাহা। আলোক প্রক্ষেপণে দায়িত্ব পালন করেন নাট্যকর্মী রিপন বড়ুয়া ও বড়ুয়া সীমান্ত। নাটকটির আবহ সংগীতে ছিলেন আজমল নবীন, রক ডায়াস এবং তারিন আহমেদ তিশা।

মঞ্চায়ন শেষে নাটকটির উপভোগ করা প্রসঙ্গে অনুভূতি ব্যক্ত করেন বরেণ্য নাট্যজন প্রদীপ দেওয়ানজী এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক ও সমালোচক আলম খোরশেদ।

বরেণ্য নাট্যজন প্রদীপ দেওয়ানজী বলেন, “তারুণ্যে উদ্দীপ্ত ও তারুণ্যে ভরপুর বয়ান শিল্পাঙ্গনের কর্মীরা যে নাটকটি উপস্থাপন করেছে, তা সময়ের সঙ্গে প্রাসঙ্গিক। আশা করি, বয়ানের কর্মীরা নিয়মিত সময়োপযোগী নাটক উপস্থাপন করে এই ধারাটি অব্যাহত রাখবে।”

অন্যদিকে আলম খোরশেদ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এই নাটকটি দেখতে এসে আমি যেন ৫২ বছর আগের চট্টগ্রামে ফিরে গিয়েছি, যখন গ্রুপ থিয়েটার ’৭৩-এর মাধ্যমে নাটকটি মঞ্চস্থ হয়েছিল।

দীর্ঘ ৫২ বছর পর আবার চট্টগ্রামে নাটকটি বয়ান শিল্পাঙ্গন সায়েম উদ্দীনের নির্দেশনায় নতুন আঙ্গিকে মঞ্চায়নের জন্য বয়ান শিল্পাঙ্গনকে আন্তরিক ধন্যবাদ।”

দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আবেগপূর্ণ সাড়ায় মঞ্চায়নে আরো গতিযুক্ত হয়েছে বলে অভিমত জানান নাটকটির নির্দেশক।

দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উষ্ণ সাড়া নাটকটির মঞ্চায়নকে আরও প্রাণবন্ত করে তোলে।