চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খালে ময়লা ফেলা যাবে না : মেয়র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৯:৪৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বন্দরনগরী চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল ও নালা রক্ষায় নগরবাসীকে আরও সচেতন হবে।

কোনো মতেই খাল-নালায় বর্জ্য ফেলা চলবে না। খালে ও যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না হলে কোনো উন্নয়ন প্রকল্পই কাঙ্ক্ষিত সুফল দেবে না।

আজ রবিবার (১৮ জানুয়ারি) নগরের রসুলবাগ আবাসিক এলাকার খালপাড় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, এক সময় এই খালপাড় এলাকায় সড়কের ওপর উন্মুক্তভাবে ময়লা ফেলা হতো, যা শুধু এলাকার সৌন্দর্য নষ্ট করছিল না, বরং জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল।

ময়লার কারণে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিল।

তিনি জানান, অবৈধভাবে রাস্তায় ময়লা ফেলা বন্ধ করতে আমরা নিয়মিতভাবে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

যেখানে অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছিল, সেই স্থানটি সংস্কার করে পুনরায় সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

চসিক নগরীর খাল, নালা ও ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করেছে এবং যারা পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।