back to top

জনসমুদ্রে রূপ নিল মাঠ,মিছিল-স্লোগানে মুখর পলোগ্রাউন্ড

তারেক রহমানের জনসভা

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জনসভাকে ঘিরে সকাল থেকে মাঠমুখী জনস্রোত দেখা গেছে। রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো চট্টগ্রাম।

রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর দলীয় প্রধানকে একনজর দেখতে এবং তার দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে এদিন ভোর থেকেই জনস্রোত নামতে শুরু করেছে সমাবেশস্থলে।

নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা জনসভাস্থলে অবস্থান নেন। আশপাশের সড়কেও নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

রাজনৈতিক সংস্কৃতির একটি পরিচিত দৃশ্য, যেখানে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসমাগম ও উদ্দীপনা দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, রবিবার ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার ও পার্বত্য তিন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পলোগ্রাউন্ডে জড়ো হতে থাকেন।

নগর এবং আশপাশের জেলা-উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ হচ্ছেন সমাবেশস্থলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে ভিড় আরও বাড়তে থাকে।

নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীক দেখা যায়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো পলোগ্রাউন্ড এলাকা।

সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিও সমাবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। হকাররা পতাকা, ব্যাজ আর মাফলার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও মাঠ ও নগরের গুরুত্বপূর্ণ স্থান ব্যানার-ফেস্টুন, পোস্টার ও দলীয় স্লোগানে সজ্জিত হয়েছে।

দীর্ঘ দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার সময় তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। সেই পরিকল্পনা শুনতেই সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই।

এদিকে জনসভাকে কেন্দ্র করে নগরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তারেক রহমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সেখান থেকে সরাসরি তিনি রেডিসন ব্লু হোটেলে যান এবং রাতযাপন করেন।

চট্টগ্রামের জনসভা শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশাবাদী।

শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিচ্ছেন। সমাবেশের মাধ্যমে নির্বাচনী মাঠে শক্ত বার্তা যাবে এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য : আজ চট্টগ্রামের জনসভা শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তারেক রহমানের।