চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে কক্সবাজার সদর এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সকালে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘মামলার পলাতক আসামি আলীরাজ হাসান আত্মগোপনে ছিলেন কক্সবাজারে।
র্যাব কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার করা আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে গত ১৯ জানুয়ারি সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের ধরতে অভিযানে গেলে ৪০০-৫০০ জনের একটি দল র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য আহত হন।
আহত অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে নেওয়ার পর ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য তিনজন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
আরও জানা যায়, এ ঘটনায় র্যাব-৭ সীতাকুণ্ড থানায় হত্যা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করে।
র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযান পরিচালনা করে সুগন্ধা পয়েন্ট থেকে এ মামলার পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে গ্রেপ্তার করা হয়।


