চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৩টি ১২ বোর তাজা কার্তুজ ও ৭টি ১২ বোর কার্তুজের খোসা এবং ৩টি রামদা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় বাঁশখালীর উপকূলীয় সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন বাজার এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানা সূত্রে জানা যায়, বাঁশখালী নাপোড়া সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনাবাহিনীর টিম এবং বাঁশখালী থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন বাজার পশ্চিমে বেঁড়িবাঁধ এলাকার আমান উল্লাহর বাড়ির পিছনের টমেটো ক্ষেতে অজ্ঞাতনামাদের ফেলে যাওয়া ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং ১২ বোরের ৩টি তাজা কার্তুজ ও ৭টি কার্তুজের খোসা এবং ৩টি রামদা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, আসামিদের পরিচয় সনাক্তকরণ ও গ্রেপ্তার অভিযান অব্যাহতসহ অস্ত্র উদ্ধার সংক্রান্তে বাঁশখালী থানায় মামলা রুজু প্রক্রিয়া চলছে বলে জানান।



