back to top

যুবকরা ঘুমিয়ে পড়েনি, তারাই আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমির

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ’২৪ না হলে ’২৬ পাওয়া যেত না। যারা এটাকে অস্বীকার করে তাদের এই ’২৬-এ লাল কার্ড। বাংলাদেশ ১২ ফেব্রুয়ারিতে পথ খুঁজে পাবে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়বে যুবকরা। যুবকরা ঘুমিয়ে পড়েনি। বীরেরা কখনো মরে না। তারা জীবন দিয়ে বলে যায় আমার জীবন তোমাদের জন্য দিয়ে গেলাম।

তারা সৎ রাজনীতির উপদেশ দিয়ে চলে যায়। জীবন দেব জুলাই কাউকে আমরা দেব না।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে বলেছেন, মাঘ মাসে মাথা যদি এত গরম হয় চৈত্র মাসে যাবে কই? মাথা ঠাণ্ডা রাখো ভাই। যখন মাথা গরম হয় তখন তারা অনেক সময় বউকে মা বলে সম্বোধন করে বসে।

তিনি বলেন, সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম, ১৫ মাসে তারা চাঁদাবাজে পরিণত হয়েছে। ১২ ফেব্রুয়ারিতে বিজয়ী হলে আর দুর্নীতি করতে দেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, আমি বিএনপিতে ছিলাম।

দুইজন সংগঠকদের মধ্যে আমি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দুজনে মিলে কালুরঘাট বেতার কেন্দ্রে যাই। সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যে টাকা পাচার করেছে সেগুলো থাকলে বাংলাদেশ বিশ্বের দরবারে অন্যতম দেশ হতো। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি কাজ করছে। তারা ভারতের কাছে দেশ বিক্রি করতে চায়।

জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, জামায়াত নেতা হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, বান্দরবান আসনে এনসিপির প্রার্থী এস এম সুজাউদ্দিন প্রমুখ।