back to top

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:২৯

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আজ সোমবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে।

এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। নতুন দরে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

এর আগে গতকাল রবিবার সকালে স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।

তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে আসে ভরিপ্রতি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। এক দিনের ব্যবধানে আজ আবার দাম বাড়ানো হলো।

বাজুসের ঘোষণায় জানানো হয়েছে, নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ৪৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ভরিপ্রতি ২ লাখ ১৩ হাজার ৫৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

গত সপ্তাহজুড়েই দেশের বাজারে স্বর্ণের দামে ছিল বড় ধরনের অস্থিরতা। গত মঙ্গলবার ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছিল ৫ হাজার ৪২৪ টাকা।

তার আগের দিন সোমবার সকাল ও বিকেল দুই দফায় মোট ১২ হাজার ১৪ টাকা কমানো হয়।

এরও আগে, গত ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ে ১৬ হাজার ২১৩ টাকা। এতে তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

চলতি সপ্তাহেও স্বর্ণের দামের এই ওঠানামা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাজারসংশ্লিষ্টরা।

সাধারণত বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়। পশ্চিমা বিশ্বে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে।

আজ সোমবার, সপ্তাহের প্রথম কার্যদিবসে, স্বর্ণের দাম আরও প্রায় ৫২ ডলার বেড়েছে। এতে এই প্রতিবেদন লেখার সময় বিশ্ববাজারে স্বর্ণের দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ১৯ ডলার।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি