দেশজুড়ে ডেস্ক : ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
এর আগে, সকাল ৭টা ৫০ মিনিটে কেন্দ্রে আসেন নাহিদ ইসলাম।
ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করছি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা বিশ্বাস করি, যদি ভোট সুষ্ঠু হয়, তবে আমরা বিজয়ী হয়ে বেরিয়ে আসবো।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব। তবে জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারা।’
তিনি বলেন, এই কেন্দ্রে আমার জীবনের প্রথম ভোট দিলাম। আমি জনগণের প্রতি, সবার প্রতি আহ্বান জানালাম, আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নিন।
১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আমাদের আজকে সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং ১১ দলের পক্ষে অবস্থান করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
ফলে আজ ২৯৯টি আসনে লড়াই করছেন মোট ২ হাজার ২৮০ জন প্রার্থী। এর মধ্যে ১,৭৫৫ জন রাজনৈতিক দলের এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ প্রার্থী ১,৯৪৬ জন (রাজনৈতিক দল ১,৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।
দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন।
সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোকে ভাগ করা হয়েছে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১,৫০৬টি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



