খেলাধুলা ডেস্ক : ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ৩৬ বছর বয়সে তিনি জীবনের প্রথম ভোট দিয়েছেন।
নির্বিঘ্ন ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন তামিম। এই সময় তাকে দেখতে আশপাশে ভক্তদের ভিড় জমে যায়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের সাবেক এই তারকা। তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’
ভোটকেন্দ্রে প্রবেশের সময় সেনাবাহিনীর প্রটোকল ছিল তামিমের সঙ্গে। শান্ত পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ভোটের পরিবেশ সুস্থ। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলেও প্রত্যাশা তামিমের।
ভোট কেন্দ্রে তামিমকে দেখতে ভিড় করেন স্থানীয় ভোটার ও তরুণরা। অনেকেই তার সঙ্গে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই এ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোতোয়ালী, চান্দগাঁও, ডবলমুরিং এলাকা নিয়ে চট্টগ্রাম-৯ আসন গঠিত।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ এবং নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৯ জন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



