সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. খাইরুল বাশার (৪৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাজীপাড়া এলাকায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া এলাকায় দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খাইরুলসহ ৬-৭ জন রোহিঙ্গা শ্রমিক কয়েকমাস আগে চন্দ্রঘোনা কদমতলী এলাকায় দিনমজুর হিসেবে কাজের উদ্দেশ্যে এসেছিলেন।
তারা হাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকলেও সেখানে শৌচাগারের ব্যবস্থা ছিল না। এ কারণে তারা রাস্তার অপরপাশের শৌচাগার ব্যবহার করতেন।
সকালে শৌচাগারে যাওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাঙ্গুনিয়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান, সকাল ৭টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে খাইরুলকে মৃত পড়ে থাকতে দেখে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


