সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন চার সন্তানের জনক সাইফুল ইসলাম (৪২)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের পণ্ডিত বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই বাড়ির বাসিন্দা আজিজুল রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ লাইনের কাজ করার সময় একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন কাঞ্চনা ইউনিয়নের ইউপি সদস্য ফরহাদ। তিনি বলেন, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



