back to top

ফলমন্ডিতে ভোক্তার অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা গুণল ৫ প্রতিষ্ঠান

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৪

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস ও ফল বিক্রি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় অভিযানটি পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলামকে সাথে নিয়ে তদারকিমূলক অভিযানের নেতৃত্ব দেন একই অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।

তিনি জানান, ফলমন্ডিতে আজ অভিযান চালানো হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় একই এলাকার মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা ও মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তাছাড়া অন-অনুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রয়ের অভিযোগে সিয়াম কসমেটিক্স ৪ হাজার টাকা ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একই এলাকার হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি