তেলে চুবানো খেজুর আর নিষিদ্ধ মরিচ! ফলমন্ডির তুহিন এন্টারপ্রাইজসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১৯:০০

চকচকে ও লোভনীয় দেখাতে নিম্নমানের খেজুরে তেল মেখে বাজারজাত করা হচ্ছিল। আর অন্যদিকে রেস্তোরাঁর খাবারে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ কাশ্মীরি মরিচ।

এমন নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে চট্টগ্রামের ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনভর চলা এই বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেয় অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়।

মোড়কজাতকরণের বিধি পুরোপুরি উপেক্ষা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খেজুরে তেল মাখিয়ে তা প্যাকেটজাত এবং বাজারজাত করার অপরাধে চট্টগ্রামের ফলমন্ডির তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁয় খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছিল মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কাশ্মীরি মরিচ। পাশাপাশি রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে।

একই অপরাধে অর্থাৎ মূল্যতালিকা না টাঙানো এবং ভাউচার সংরক্ষণে অনিয়মের দায়ে মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ ও মেসার্স অ্যান্ড ব্রাদার্স-দুটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি