back to top

ফলমন্ডি–কদমতলী–রিয়াজউদ্দিন বাজারে ডাকাতির প্রস্তুতি, একজন গ্রেপ্তার

প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ১৫:১৪

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে একটি সংঘবদ্ধ ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) রাতে নগরের সিআরবি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাকির হোসেন প্রকাশ সুমন (৩৪)। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার লবেপুর এলাকার তৈয়ব আলীর বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, জাকির একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, চট্টগ্রাম নগরের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজ উদ্দিন বাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তাঁরা একত্রিত হয়েছিলেন।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি