খেলাধুলা ডেস্ক : ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবে ওমরাহ পালন করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ক্লাব আল নাসর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, সুজা সম্প্রতি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং পরে মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন।
ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওমরাহ পালনের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে নীরব ধ্যান ও গভীর আবেগে মগ্ন দেখা যায়।
এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাব আল নাসর জানায়, “আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে দৃঢ়তা ও অন্তরের শান্তি দান করেন।”
ভিডিওটি প্রকাশের পর ভক্ত-সমর্থকরা তাকে অভিনন্দন জানান। অনেকেই তার এই আধ্যাত্মিক যাত্রাকে সাহসী ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, ক্যাথলিন সুজা ফুটসাল দিয়ে ক্যারিয়ার যাত্রা শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটস -এ কলেজ ফুটবল খেলেন।
পেশাদার পর্যায়ে তিনি ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেছেন।
২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুতই নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন সুজা।
২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে তিনি ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের একজন এবং পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।
২০২৪ সালে তিনি আল নাসরে যোগ দেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



