back to top

চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার বিদেশি সিগারেট-মোবাইল জব্দ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৪৬

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল বিদেশি সিগারেট ও দামি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ‘বিজি১৪৮’ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিবের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশী শুরু করে এনএসআই কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস।

লাগেজে ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত ২৭০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট, ৫টি আইফোন এবং ১০টি গুগল পিক্সেলসহ মোট ১৫টি উন্নত মানের মোবাইল ফোন পাওয়া যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামালসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট যাত্রীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার পর মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি