গোপন তথ্যে বিমানবন্দরে তল্লাশি, মিলল ২ কেজির বেশি স্বর্ণ-আটক যাত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৭:০০

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ১৬০ গ্রাম (২ দশমিক ১৬ কেজি) অবৈধ স্বর্ণ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একটি চৌকস দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

বিমানবন্দর ও গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ঐ যাত্রীর গতিবিধি ও আচরণে সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাস্টমস জোনে তাকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

তবে আটককৃত যাত্রী ঠিক কী কৌশলে কিংবা শরীরের কোথায় এই স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন, তা তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

একই সাথে চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় আনার সুবিধার্থে ওই যাত্রীর পরিচয়ও আপাতত গোপন রাখা হয়েছে।

বিমানবন্দর কাস্টমসের এক কর্মকর্তা জানান, “জব্দকৃত স্বর্ণ কাস্টমসের গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সাথে আটককৃত যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বহুগুণ জোরদার করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজকের এই বড় সাফল্য। চোরাচালান রোধে এমন সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি