চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাটফেরত এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৩শ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (২৩ মার্চ) সকালে যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে ওমান থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটের যাত্রী আতিকুর রহমানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগেজ থেকে ৩০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে সহযোগিতা করেন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর সদস্যরাও।
আটক যাত্রী আতিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। কাস্টমস কর্মকর্তাদের হিসাব অনুযায়ী উদ্ধার করা সিগারেট থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ছয় লাখ টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সিগারেটের চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তবে আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


