ক্লাস ফাঁকি দেয়া কি নৈতিক দুর্নীতি নয়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৭

শিক্ষা ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দুর্নীতি শুধু আর্থিক হয় এমন নয়, নৈতিক দুর্নীতিও আছে। ক্লাস ফাঁকি দিয়ে সময় কাটানো কি নীতগত দুর্নীতি নয়?

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শিক্ষকরা বলেন তাদের বেতন নেই, সুবিধা নেই কিন্তু প্রোডাক্টিভিটির কথা কেউ বলছে না। আমরা যদি পুরানো দিনে চলে যাই, তখন দেখবো শিক্ষকরা কেউ চাহিদার কথা বলতেন না।

তারা বলতেন, তাদের সন্তানরা যেনো উচ্চ শিক্ষিত হয়। শিক্ষকতার স্বার্থকতা তখনই যখন তার সন্তান ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়। শিক্ষকতায় আমাদের আত্মনিয়োগ করতেই হবে।

মন্ত্রী বলেন, আপনি ক্লাসরুমে গিয়েছেন আধাঘণ্টা ক্লাস করার জন্য, আপনি প্রতিদিন চিন্তা করবেন ‘আমাকে সরকার দায়িত্ব দিয়েছে, নিজে দায়িত্ব নিয়েছি শিক্ষকতা করার জন্য- আমার প্রতিদিন কতটুকু কাজ করার দেশ গঠনে- মানব সম্পদ তৈরি করতে- এই প্রশ্ন যদি নিজেকে না করেন, শুধু সময় কাটিয়ে চলে আসেন, এটা কি নৈতিক দুর্নীতি নয়?

আমি পাঁচ বছর প্রতিমন্ত্রী ছিলাম। কেউ আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিতে পারেনি। আমাদের সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে।

মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে। আমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে।

আমাদের কনসালটেশন কমিটি অনেক কথা বলে, কিন্তু প্রোজেক্টের পর প্রজেক্ট আসে কিন্তু শিক্ষাখাতে কোনো পরিবর্তন হচ্ছে না।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আজকের দিনে প্রাথমিক স্কুলের শিক্ষকরা নিজের সন্তানদের প্রাথমিক স্কুলে পাঠান না। সন্তানের পড়াশোনার জন্য জেলা শহরে বাসা নিয়ে সেখানকার স্কুলে ভর্তি করান।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি