back to top

দুর্নীতি করলে এই মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৪:১৪

শিক্ষা ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, তিনি ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভবিষ্যতে এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কম। গতবার পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি।

সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি