শিক্ষা ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা।
তাছাড়া পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস রাখারও নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে ‘এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।
সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় কঠোর তল্লাশি নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই নকল বা অবৈধ উপকরণ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। তিনি কেন্দ্র সচিবদের এ বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
খাতা মূল্যায়নের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আংশিক উত্তরের জন্য আংশিক নম্বর দিতে হবে। তবে অযাচিতভাবে নম্বর বাড়ানো বা কমানো যাবে না। এ ক্ষেত্রে র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি চালুর কথাও জানান তিনি।
প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার ‘পাবলিক পরীক্ষা আইন’ আরও শক্তিশালী করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সাইবার অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে মূল্যায়নে সমতা নিশ্চিত হয়।
শিক্ষার মান উন্নয়নে ইন-হাউস কোচিং চালুর ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বাইরের কোচিং নির্ভরতা কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
কেন্দ্র সচিবদের পক্ষে বক্তব্য দেন জামালখান কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন লাহেড়ী, দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মহসিন ভূঁঞা এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন।
সভায় সমাপনী বক্তব্য দেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. একেএম সামছুউদ্দিন আজাদ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



