সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে রানি আকতার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়। রানি আকতারের শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়েছিল।
এর আগে ভোর ৪টা ৩১ মিনিটের সময় নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ছয় তলা ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে নারী ও শিশুসহ পরিবারের মোট ৯ জন দগ্ধ হন।
দগ্ধ অন্য ৮ জন হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তথ্য অনুযায়ী, দগ্ধ ব্যক্তিদের মধ্যে শাখাওয়াত হোসেন, পাখি আক্তার ও রানী আক্তারের শ্বাসনালির শতভাগ পুড়ে গেছে।
মো. শিপনের শ্বাসনালির ৮০ শতাংশ পুড়েছে। মো. সুমন ও মো. শাওনের পুড়েছে ৪৫ শতাংশ। তিন শিশু- মো. আনাস, উম্মে আইমন ও আয়েশা আক্তারের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে।
কোনো কারণে চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়েছিল; যে কারণে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন।’
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


