back to top

বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৪৫

পার্বত্য চট্টগ্রাম ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় মং মারমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান-রুমা সড়কের মুরং বাজারসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জলপাই রঙের পোশাক পরা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

তার কাছ থেকে একটি সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের দাবি, বিকেলে সড়কে যানবাহন থামিয়ে একদল সশস্ত্র ব্যক্তি চাঁদাবাজি করছিল।

খবর পেয়ে টহল দল সেখানে গেলে প্রথমে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাল্টা গুলির একপর্যায়ে একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দিলীপ চৌধুরী জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, মুরং বাজার এলাকায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে এবং গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি