সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় খোরশেদ রাব্বী (২৫) নামে এক কলেজছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সড়কের পাশে দাঁড়ানো মাইক্রোবাসে উঠার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত কলেজ ছাত্র খোরশেদ রাব্বী আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায়। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, রাব্বীসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে তারা সাতকানিয়া এলাকায় মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন।
এসময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায়। সেখান থেকে এখনো কোনো বার্তা দেয়নি।
আনুষ্ঠানিক বার্তা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



