সিটিজি নিউজ টুডে : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর হাটহাজারী উপজেলা কার্যালয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে শনিবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানে মাছুয়াগোনা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নাপিতের ঘাট ও ধলই কাজী বাড়ি সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ জাল জব্দ করা হয়। এ সময় ৪টি চরঘেরা জাল উদ্ধার করা হয়।
আরও পড়ুন
জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার ৫০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অভিযানের সময় হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর মোতালেব, মোজাম্মেল ও ইলিয়াস উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



