back to top

হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:১৩

সিটিজি নিউজ টুডে: চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিপন হোসেন (৩০) এর। এ নিয়ে ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শিপনের শরীরের ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে মারা গেছেন শিপনের ভাই মো. সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, বড় ভাই সামির আহমেদ সুমন এবং বড় ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।

ডা. শাওন জানান, বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, ভাইয়ের মেয়ে আয়েশা ৪৫ শতাংশ, এবং ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের ওই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয় ৯ জন। সন্ধ্যার দিকে আহতদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায় স্বজনরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি