বিশ্ব ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তত তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান পাল্টা অভিযান শুরু করার পর এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
নিহত অপর দুজন হলেন পাকিস্তান ও নেপালের নাগরিক। হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (১ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপিও এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, আমিরাত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



