back to top

নতুন করে হামলা ইসরাইলের, ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানও

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ০৬:১৩

বিশ্ব ডেস্ক : চলমান সংঘাতের মধ্যে ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। ইরানও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে বুধবার আল জাজিরার লাইভ সম্প্রচারে এ তথ্য জানানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সাধারণ নাগরিকদের সুরক্ষামূলক আশ্রয়কেন্দ্রে প্রবেশ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপদ স্থান ত্যাগের অনুমতি কেবল স্পষ্ট নির্দেশ পাওয়ার পরই দেওয়া হবে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে হবে।

ইসরাইল দাবি করেছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবন ও শীর্ষ নেতৃত্বের বাসস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারসহ নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়।

এর জবাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান।

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

পাল্টা হিসেবে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল।

একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে হামলায় এখন পর্যন্ত প্রায় ১,১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি