back to top

বাহরাইনে পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬ ১৩:০২

বিশ্ব ডেস্ক : ইরানে তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আজ রোববার বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আল জাজিরা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, এই শোধনাগার থেকে ৩০টি গ্রামে পানি সরবরাহ করা হতো, যা হামলার পর বন্ধ হয়ে গেছে।

আরাগচি হামলার ঘটনাটিকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে বলেন, “ইরান এই নজির তৈরি করেনি, যুক্তরাষ্ট্রই করেছে।”

আল জাজিরা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশই তাদের জনগণের পানীয় জলের চাহিদা মেটাতে প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধকরণের ওপর নির্ভরশীল।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি