মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোহাম্মদ তারেকের জানাজা বাহরাইনে সম্পন্ন হয়েছে। রাজধানী মানামার কানু মসজিদে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নিহত তারেকের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। দেশে তার এক কন্যা সন্তান তাসনিম তামান্না রয়েছে।
দূতাবাসের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তারেকের মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানো হবে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ ৩ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় গালফ এয়ারের ফ্লাইট নং জিএফ-২২৫০ যোগে বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে।
ইতোমধ্যে সকাল ৯টায় পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বৌবাজার এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তারেকের স্বজন মোশাররফ হোসেন জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া দীর্ঘ সময় নেওয়ায় পরিবারকে এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
তবে অবশেষে মরদেহ দেশে ফিরছে—এতে পরিবারে স্বস্তি ফিরেছে, যদিও শোকের ভার এখনও ভারাক্রান্ত করে রেখেছে স্বজনদের।
মরদেহ দেশে আনতে সহযোগিতার জন্য বাহরাইনে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের পরিবার।
জানা গেছে, মোহাম্মদ তারেক দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। তিনি বাহরাইনের শিপইয়ার্ড কোম্পানি দ্রাইডকে-এ কর্মরত ছিলেন। বছর দেড়েক আগে ছুটিতে দেশে এসেছিলেন।
গত ২ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তারেক নিহত হওয়ার পাশাপাশি আরও দুই বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে আজিমের বাড়ি সন্দীপে, আর কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়।
তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর পড়ে তাদের আহত করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে শিপইয়ার্ডে আগুন ধরে যায়। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



