সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজার এলাকার একটি ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের তথ্যে ঘটনাস্থলে পৌছে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত ওই যুবকের নাম অয়ন দাশ। সে রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের ছেলে। পেশায় একজন সেলুন কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই ভাড়া বাসা থেকে হঠাৎ প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে বিষয়টি জানান।
পরে তিনি হাটহাজারী মডেল থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় ভাড়া বাসার তালাবদ্ধ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে অয়ন দাশের অর্ধ গলিত লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


