সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাসার শয়নকক্ষ থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে মুন্নি আক্তার নামে ১৭ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মুন্নি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বাহাদুরের মেয়ে। সে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার ‘মা ম্যানশন’ নামের একটি ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ জানায়, বুধবার রাতে শয়নকক্ষে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্নি আক্তারের মরদেহ পাওয়া যায়।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



