back to top

চন্দনাইশে রাজমিস্ত্রি হত্যা মামলার আসামী কুমিল্লা থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১১:২০

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের চন্দনাইশে রাজমিস্ত্রি সালাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. হানিফ (২৮)কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বুধবার (১৮ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানার পিপুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হানিফ চন্দনাইশ থানার দিয়াকুল এলাকার বাসিন্দা এবং মফিজুর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, নিহত সালাউদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা ছিলেন এবং পেশায় রাজমিস্ত্রি।

গত ১৩ মার্চ রাত ৯টার দিকে চন্দনাইশে ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়িতে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে হানিফ ছুরি দিয়ে সালাউদ্দিনের তলপেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৪ মার্চ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই হানিফ আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি