টেকনাফের মহেশখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অপহরণকারী দলের সাথে গোলাগুলির ঘটনায় ডাকাতদলের প্রধান মোহাম্মদ রফিক (২৭)কে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় গোলাগুলির ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (২৮) একই এলাকার আব্দুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় একটি ঘরে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় লোকজন অবস্থানের খবরে যৌথ বাহিনী অভিযান চালায়।
এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ডাকাত দল। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে।
এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত গুলি ছুড়তে ছুড়তে গহিন পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়।
তিনি বলেন, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রফিকের বিরুদ্ধে অপহরণ ও ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে।



