back to top

পদ্মায় বাস-ডুবি: বাড়ছে মৃতের সংখ্যা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ০৭:৩২

দেশজুড়ে ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আনুমানিক ভোর রাত ৫ টা পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করেন উদ্ধার কর্মীরা।

সকাল ৯ টার দিকে উদ্ধার করা হয় উজ্জ্বল খান (৩০) নামের এক ব্যাক্তিকে। তিনি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের মজনু খানের ছেলে।

সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয় আশরাফুল (৩৫) নামে আরও এক যুবকের মরদেহ। তিনি কালুখালি উপজেলার বেলগাছি গ্রামের মোঃ আফসারের ছেলে।

পরবর্তীতে সকাল সাড়ে ১১ টার দিকে উদ্ধার করা হয় মো. জাহাঙ্গীর (৫৫) নামে আরও একজনের মরদেহ। তিনি কালুখালি উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে।

এদিকে, পদ্মাপাড়ে প্রিয়জনের লাশের অপেক্ষায় স্বজনদের ভিড় বাড়ছে। তাদের আহাজারিতে ঘাট এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতি বিরাজ করছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে কাজ করছেন। সাথে স্হানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ‘উদ্ধার হওয়া ২৬টি মরদেহের মধ্যে ২৩টি মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর তিনটি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি