দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়ল গণপরিবহন খাতে। মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার সব রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন হার নির্ধারণ করা হয়েছে।
সুনির্দিষ্ট এই প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ যাত্রী থেকে শুরু করে দূরপাল্লার পর্যটক কিংবা নিত্যদিনের চাকরিজীবী-সকলের জন্যই গণপরিবহনের খরচ কিছুটা হলেও পরিবর্তিত হচ্ছে।
কোন রুটে কত বাড়ল ভাড়া?
নতুন নির্দেশনা অনুযায়ী ভাড়ার হার নিচে উল্লেখ করা হলো:
ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: মহানগর এলাকায় চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া আগে ছিল ২ টাকা ৫৩ পয়সা। নতুন নিয়মে তা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ টাকা।
আন্তঃজেলা ও দূরপাল্লার রুট: দূরপাল্লার বাস ও মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারে আগের ভাড়া ২ টাকা ২৩ পয়সার জায়গায় এখন থেকে গুনতে হবে ২ টাকা ৪০ পয়সা।
মিনিবাস ও ডিটিসিএ এলাকা: ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ছয়টি জেলা (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) জুড়ে চলাচলকারী বাস-মিনিবাসে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
সর্বনিম্ন ভাড়া: ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসের জন্য ৮ টাকা।
বিশেষ শর্ত ও সিট পুনর্বিন্যাসের নিয়ম
যাত্রীদের সুবিধার্থে বা আরামদায়ক ভ্রমণের জন্য অনেক বাস মালিক আসন সংখ্যা কমিয়ে থাকেন।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, যদি বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাসের আসন পুনর্বিন্যাস করা হয়, তবে ভাড়া আনুপাতিক হারে পুনঃনির্ধারণ করতে হবে।
এ ক্ষেত্রে অবশ্যই বিআরটিএ বা ‘যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’ থেকে সেই আনুপাতিক ভাড়ার অনুমোদন করিয়ে নিতে হবে।
গ্যাসচালিত বাস ও দৃশ্যমান তালিকার বাধ্যবাধকতা
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: এই নতুন ভাড়ার হার কেবল জ্বালানি তেলচালিত বাসের জন্য কার্যকর হবে। কোনো সিএনজি বা গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে এই বাড়তি ভাড়া প্রযোজ্য হবে না।
প্রতিটি বাস ও মিনিবাসের ভেতরের এমন স্থানে ভাড়ার তালিকা টাঙাতে হবে যেন যাত্রীরা তা সহজে দেখতে পান।
জনস্বার্থে জারিকৃত এই নতুন ভাড়ার হার কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


