সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অনুমতি ছাড়া ভূগর্ভস্থ বালু ও মাটি উত্তোলন ও অবৈধভাবে পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় তাদেরকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
বাঁশখালী থানা-পুলিশের বিশেষ টিমের সহযোগীতায় অভিযানটি পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
তিনি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ও ১১ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



